সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে জিহাদি বই ও ককটেলসহ আটক দুই জামায়াত নেতার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুর ১২টায় সিরাজগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ডের শুনানি হয়। শুনানি শেষে আদালতের বিচারক নজরুল ইসলাম দুই নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমির ও ছোনগাছা ইউনিয়নের ইটালি পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুস সোবাহানের ছেলে মইদুল আলম (৬৫) ও শিয়ালকোল ইউনিয়ন জামায়াতের আমির ও একই উপজেলার জগতগাঁতী গ্রামের মৃত ওমেদ আলীর ছেলে জগতগাঁতী দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আব্দুস সালাম (৫৫)।
সিরাজগঞ্জ সদর আদালতের এস আই আব্দুল মান্নান দুই জামায়াত নেতাকে এক দিন করে রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১২ আগস্ট সকালে নাশকতার উদ্দেশে জামায়াতের ১২/১২ জন নেতা-কর্মী সদর উপজেলার ইছামতি জামে মসজিদে বৈঠক করছেন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে জিহাদি বই ও পাঁচটি ককটেলসহ দুই জামায়াত নেতাকে আটক করে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ।
ওই মামলায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক আবু জাফর। বৃহস্পতিবার আদালত শুনানি শেষে জিজ্ঞাসাবাদের জন্য তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

