স্পোর্টস ডেস্ক : রিও অলিম্পিকে আরেকটি সোনা জিতলেন এলাইন থম্পসন। মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টের পর ২০০ মিটারেও সোনা জিতেছেন এই জ্যামাইকান স্প্রিন্টার।
রিও গেমসের দ্বাদশ দিনে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে বিশ্বচ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের ডাফনে স্কিপার্সকে পেছনে ফেলে সোনা জিতেছেন থম্পসন।
২৪ বছর বয়সি থম্পসন সময় নিয়েছেন ২১.৭৮ সেকেন্ড। ২১.৮৮ সেকেন্ড সময় নিয়ে রূপা জিতেছেন স্কিপার্স। ব্রোঞ্জ জেতা যুক্তরাষ্ট্রের টরি বোউই সময় নিয়েছেন ২২.১৫ সেকেন্ড।
অলিম্পিকে ছেলে ও মেয়েদের মিলিয়ে ১০০ ও ২০০ মিটারের শেষ ১১টি ইভেন্টের ১০টিরই সোনা গেল জ্যামাইকায়!
রিওতে ছেলেদের ১০০ মিটারে এরই মধ্যে সোনা জিতেছেন উসাইন বোল্ট। জ্যামাইকান গতিদানব ২০০ মিটারেও অন্যতম ফেবারিট।

