নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে নাশকতার পাঁচ মামলায় আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার জামিন আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা রিজভীর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার সকালে আইনজীবীর মাধ্যমে আদালতে এসে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন রিজভী। রাজধানীর পল্লবী থানার দুটি, মতিঝিল , রমনা এবং খিলগাঁও থানার একটি করে মোট পাঁচটি মামলায় আত্মসমর্পণ করেন রিজভী। রিজভীর পক্ষে জামিন শুনানি করেন সানাউল্লাহ মিয়া এবং জয়নুল আবেদীন মেজবাহ।
প্রসঙ্গত, বিএনপির ডাকা হরতাল-অবরোধে নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় মামলাগুলো দায়ের করা হয়। মামলাগুলো মধ্যে গত ২৫ জুলাই পল্লবী থানার একটি মামলায় এবং গত ১০ আগস্ট মতিঝিল থানার মামলায় রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

