পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় ঘরে ঢুকে শাহ জামাল (৪৫) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার মধ্যরাতে উপজেলার পাইকশা গ্রামে এ ঘটনা ঘটে। জামাল ওই গ্রামের আয়নাল হকের ছেলে। তিনি উপজেলার ধোপাদহ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।
ধোপাদহ ইউপির চেয়ারম্যান সালাউদ্দিন খান জানান, সোমবার রাতে বাড়িতে ঘুমিয়ে ছিলেন জামাল। রাত ১২টার দিকে দুর্বৃত্তরা জানালার গ্রিল ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে জামালকে কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, কারা ইউপি সদস্য শাহ জামালকে হত্যা করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে লাশ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

