নিজস্ব প্রতিবেদক : দেশের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র রুখতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সোমবার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে বনানী কবরস্থানে ১৫ আগস্টে ঘাতকদের হাতে নিহতদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ আহ্বান জানান।
মোহাম্মদ নাসিম বলেন, ‘আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, তাহলে শুধু জঙ্গি উত্থান বন্ধ নয়, তাদের নির্মূল করতে পারব। তাই দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু যে সুখি- সমৃদ্ধ, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে তার হাতকে শক্তিশালী করতে পারি তাহলেই গড়ে তুলতে পারব।’

