মাদারীপুর প্রতিনিধি : নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘খালেদা জিয়ার শুভ বুদ্ধির উদয় হয়েছে, আজকে গোটা জাতির যে শোকের বহিঃপ্রকাশ তা উনি হয় তো উপলদ্ধি করতে সক্ষম হয়েছেন। আমরা চাই গণতান্তিক চর্চা করার মানসিকতা সৃষ্টি করতে। উনি অন্তত গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং আগামী নির্বাচনে উনি আসবেন এই প্রত্যাশা আমাদের আছে।’
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে মাদারীপুরে দলীয় ও সরকারি কর্মসূচির শুরুতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন অনুষ্ঠানে নৌ পরিবহন মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী এ সময়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে এক মিনিট নিরবতা পালন করেন।
এ সময় জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, জেলা পরিষদ প্রশাসক মিয়াজউদ্দিন খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থি ছিলেন।

