
নিজস্ব প্রতিবেদক : এবার ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে নিজের জন্মদিন উদযাপনে কোনো অনুষ্ঠান করছেন না বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। থাকছে না কেক কাটার অনুষ্ঠানও। বন্যা পরিস্থিতি, নেতাকর্মীরা জেলে থাকা, জঙ্গিসহ চলমান নানা ‘সংকটের’ কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন গুলশানের কার্যালয়ে যাবেন। কিন্তু সেখানে এবার জন্মদিন উদযাপনের কোনো আনুষ্ঠানিকতা নেই। অন্যবারের মতো ১৫ আগস্টের প্রথম প্রহরে কেক কাটার কোনো অনুষ্ঠানও নেই। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও চেয়ারপারসনের জন্মদিনের কেক কাটার কোনো কর্মসূচি নেই।
দলের সহযোগী ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের কেক নিয়ে এবার গুলশান কার্যালয়ে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও দলীয় সূত্রে জানা গেছে।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। জাতীয় শোক দিবসে খালেদা জিয়ার জন্মদিন উদযাপন ও কেক কাটার ঘটনা ব্যাপক সমালোচিত হয়েছে।

