গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈর ও সিটি করপোরেশনের নাওজোড় এলাকায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন গাজীপুর সদর উপজেলার নিয়ামতপুর এলাকার কাশেম মিয়ার মেয়ে কামরুন নাহার পুষ্প (২২), কালিয়াকৈর উপজেলার আশাপুর এলাকার মারফত আলীর ছেলে আবদুল আজিজ (৫০) ও রানা (৩২) নামের এক রিকশাচালক।
সালনা (কোনাবাড়ি) হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদ খান জানান, শুক্রবার সকাল ১০টার দিকে পুষ্প মোটরসাইকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে ওই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে পুষ্প ঘটনাস্থলেই মারা যান।
এ ছাড়া একই উপজেলার খাড়াজোড়া এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের সামনে বাস থেকে নামার সময় অন্য একটি বাসের চাপায় মারা যান আবদুল আজিজ।
নাওজোড় হাইওয়ে পুলিশের এসআই মোজাম্মেল হোসেন জানান, বেলা ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের নাওজোড় এলাকায় ট্রাকচাপায় রানা নামের এক রিকশাচালক মারা গেছেন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ তিনটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

