গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলায় সাপের কামড়ে আনিছুর রহমান জোয়ার্দার (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার ভোরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আনিছুর রহমান জোয়ার্দার সাঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় ইটাকুড়ি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি ওই ইউনিয়নের ইটাকুড়ি গ্রামের মৃত আব্দুল লতিফ জোয়ার্দারের ছেলে।
সাঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার বাদ জুমা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরো জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্থানীয় ভরতখালি বাজার থেকে বাড়ি ফেরার জন্য মোটরসাইকেলে ওঠার সময় একটি বিষধর সাপ আনিছুর রহমানকে কামড় দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে ভোরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা তিনি যান।

