স্পোর্টস ডেস্ক : সম্প্রতি গুলশান এবং শোলাকিয়ায় দু’দফা সন্ত্রাসী হামলার পর বাংলাদেশ সফর নিয়ে নতুন করে ভাবার কথা জানিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এমনকি ইংলিশ অধিনায়ক ইয়ান মরগান সফরে দলের নিরাপত্তা নিয়ে তার উদ্বেগের কথা জানিয়েছিলেন। তবে সব শঙ্কাকে উড়িয়ে দিয়ে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর এখন পর্যন্ত চূড়ান্ত বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন।
রোববার সকালে সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠক। ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আক্তার আহমেদ ও বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীসহ সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ইংল্যান্ড দলের সফর নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেন তারা। রোববারে সভা শেষ করে এসে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন নিজামউদ্দিন চৌধুরী সুজন। সেখানে তিনি বলেন, ‘যখন একটি সফর চূড়ান্ত হয় তখন দুই দেশের বোর্ডের সম্মতিতেই হয়। সেভাবেই এখন পর্যন্ত সব কিছু ঠিক আছে। আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ শুরু হওয়ার আগে যে কাজগুলো করতে হয়, সেভাবেই কার্যক্রমগুলো এগিয়ে নেয়া হচ্ছে। সবকিছুই রুটিন মাফিক করা হচ্ছে।’
আগামী ৩০ সেপ্টেম্বর ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশে সফরে আসার কথা রয়েছে। সেইভাবে এগুচ্ছে দুই দেশের ক্রিকেট বোর্ড। এখনো ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) থেকে তেমন কোনো নেতিবাচক মনোভাব পোষণ করে নাই বলে জানিয়েছেন বিসিবির সিইও। এ প্রসঙ্গে তিনি বলেন,‘আমাদের সঙ্গে ইসিবির সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। তাদের একটা প্রতিনিধি দল খুব শিগগিরই বাংলাদেশে সফর করবে। যেহেতু ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ এবং ভারতে ব্যাক টু ব্যাক সিরিজ খেলবে। এই একই প্রতিনিধি দল প্রথমে ভারতে এবং পরবর্তীতে বাংলাদেশে সফর করবে। আমরা আশা করছি চলতি মাসের মাঝামাঝি সময়ে তারা চলে আসবে। এরপর তারা তাদের বোর্ডে প্রতিবেদন জমা দেবে।’
ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশে সফরে আসলে তাদের কেমন নিরাপত্তা দেয়া হবে। সে বিষয়ে এরইমধ্যে বিসিবি একটি সিকিউরিটি প্ল্যান পাঠিয়েছে ইসিবিকে। সিকিউরিটি প্ল্যান ছাড়াও ইসিবিকে বিভিন্ন পরিকল্পনা পাঠানো হয়েছে। তবে তারা এই সিকিউরিটি প্ল্যানের ব্যাপারে এখনো তেমন কিছু না বললেও কোনোরকম নেতিবাচক মনোভাব দেখায়নির ইসিবি।
এ বিষয়ে নিজাউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘যে কোনো সফরের আগে আমরা সিকিউরিটি পরিকল্পনা, মেডিক্যাল পরিকল্পনাসহ অন্য আরও যা ডকুমেন্ট থাকে সবকিছুই সফরে আসা দলগুলোকে সরববরাহ করি। তারই ধারাবাহিকতায় ইংল্যান্ড ক্রিকেট দলকে আমরা এগুলো পাঠিয়েছি। ওরা আমাদের জানিয়েছে এই নিরাপত্তা পরিকল্পনার পর আরো যদি কিছু প্রয়োজন হয় তারা জানাবে।’

