স্পোর্টস ডেস্ক : লর্ডসে ৭৫ রানে জিতে আকাশে উড়ছিল মিসবাহ-উল-হকের পাকিস্তান। কিন্তু ওল্ড ট্রাফোর্ডে হঠাতই খেই হারিয়ে পাকিস্তানকে হারতে হলো ৩৩০ রানের বিশাল ব্যবধানে। এ যেন আকাশে উড়তে থাকা একটি দলের এক ঝটকায় মাটিতে নামা। অ্যালিস্টার কুকদের আত্মবিশ্বাস বেড়ে গেছে কয়েকগুণ। উল্টোদিকে লর্ডস জয় করা পাকিস্তান দলের ওল্ড ট্রাফোর্ডে এভাবে হেরে যাওয়ায় মিসবাহদের আত্মবিশ্বাসে খানিকটা চিড় ধরিয়েছে। হারানো আত্মবিশ্বাস পুনরুদ্ধারের অভিযানে বুধবারই তাদের নামতে হচ্ছে এজবাস্টনে তৃতীয় টেস্টে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকেল চারটায়।
চার টেস্টের সিরিজ এখন ১-১ এ সমতা বিরাজ করছে। তৃতীয় টেস্ট যারা জিতবে আর যাই হোক তাদের সিরিজ হারের যন্ত্রণা পোহাতে হবে না। তাই তো পাকিস্তানের দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থার চাইছেন, তার দলের ক্রিকেটাররা পরিচয় দিক ‘যোদ্ধা’মানসিকতার। তার মতে, ‘খেলায় জয়-পরাজয় আছে। অনেক পরাজয় রয়েছে সম্মানের। কিন্তু কিছু কিছু পরাজয় আছে যেটা আপনাকে মাটিতে ফেলে স্টিম রোলার চালিয়ে পিষে ফেলার সঙ্গে তুলনা করা যায়, ওল্ড ট্রাফোর্ডের পরাজয় অনেকটাই এরকম। ওখানে পাকিস্তান দলকে মাটিতে ফেলে স্রেফ পিষে ফেলেছে ইংলিশরা।’
কাফ ইনজুরির কারণে তৃতীয় টেস্টে বেন স্টোকসকে পাচ্ছে না ইংল্যান্ড। তার জায়গায় ফিরছেন স্টিভেন ফিন। মঈন আলীও তার জায়গা ফিরে পেয়েছে। ওপেনিং বেশ ভোগাচ্ছে পাকিস্তানকে। মোহাম্মদ হাফিজ ও শান মাসুদ বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন।
তবে কোপটা পড়তে যাচ্ছে মাসুদের ওপর। তার জায়গা নিতে যাচ্ছেন ২০ বছর বয়সী সামি আসলাম। ওয়াহাব রিয়াজের স্থলাভিষিক্ত হতে পারেন সোহেল খান।
ঘরের মাঠে ইংল্যান্ড ৫০০তম ম্যাচ খেলতে যাচ্ছে। দুর্দান্ত ফর্মে থাকা ইংলিশ অধিনায়ক কুক আর একটি সেঞ্চুরি পেলে স্যার ডন ব্রাডম্যানকে ছাড়িয়ে যাবেন। অর্থাৎ ৩০ সেঞ্চুরির মালিক হবেন ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। পাকিস্তানের বিপক্ষে এক সিরিজে সবচেয়ে বেশি ২৩টি উইকেট নেওয়ার কৃতিত্ব জেমস অ্যান্ডারসনের। ক্রিস ওকসের কাছে অ্যান্ডারসনের এই রেকর্ড হুমকির মুখে পড়েছে। ইতোমধ্যে ওকস দুই টেস্ট থেকেই তুলে নিয়েছেন ১৮ উইকেট।
সবশেষ পাকিস্তান এজবাস্টনের খেলেছিল ২০১০ সালে। সেই ম্যাচটি তাদের হারতে হয়েছিল ৯ উইকেটে। তার চেয়ে বড়, প্রথম ইনিংসে পাকিস্তানকে অলআউট হতে হয়েছিল মাত্র ৭২ রানে। ইংল্যান্ড এই ম্যাঠে শেষবার হেরেছিল ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরিসংখ্যান রেকর্ড বইকেই কেবল সমৃদ্ধ করে। পারফরম্যান্সই বলে মাঠে কোন দল কেমন করবে। ইংল্যান্ড নিশ্চয় চাইবে এজবাস্টন টেস্ট জিতে নিরাপদ দুরত্বে চলে যেতে। এখন দেখার বিষয় পাকিস্তান ইংল্যান্ডের জন্য কতটা বিপদের কারণ হতে পারে।
পাকিস্তান (সম্ভাব্য): মোহাম্মদ হাফিজ, সামি আসলাম, আজহার আলী, ইউনিস খান, মিসবাহ-উল-হক (অধিনায়ক), আসাদ শফিক, সরফরাজ আহমেদ, ইয়াসির শাহ, ওয়াহাব রিয়াজ/ সোহেল খান, মোহাম্মদ আমির, রাহাত আলী।
ইংল্যান্ড (সম্ভাব্য): অ্যালিস্টার কুক (অধিনায়ক), অ্যালেক্স হেলস, জো রুট, জেমস ভিন্স, গ্যারি ব্যালান্স, জনি বেয়ারস্টো, মঈন আলী, ক্রিস ওকস, স্টুয়ার্ট ব্রড, স্টিভেন ফিন, জেমস অ্যান্ডারসন।

