স্পোর্টস ডেস্ক : সাও পাউলোর ম্যানেজার এদগার্দো বাউজাকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আর্জেন্টিনা। আগামী সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের আগে তাকে এই দায়িত্ব দেয়া হয়েছে।
সোমবার রাতে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ) নতুন কোচ নিয়োগের ঘোষণা দেয়। ফেডারেশনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আরমান্দো পেরেজ কোচ হিসেবে বাউজাকে নিয়োগ দিয়েছেন। প্যারাগুয়ের সাবেক কোচ রামোন দিয়াজ ও বোকো জুনিয়র্সের সাবেক কোচ মিগুয়েল রুশুকে নিয়ে কথা চললেও বাউজাকে নিয়োগ দেয়া হল।
আর্জেন্টিনা ফেডারেশনে বিশৃঙ্খলা চলার মধ্যেই নতুন কোচ নিয়োগ দেয়া হল। ফেডারেশনের বিরেদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। দেশটির সরকার ও ফিফা বিষয়টি তদন্তের জন্য একটি কমিশন গঠন করছে।
শতবর্ষী কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা চিলির কাছে হেরে যায়। তাতে দলটির অধিনায়ক লিওনেল মেসি পদত্যাগের ঘোষণা দেন। তারপর কোচ জেরার্ডো মার্টিনো পদত্যাগ করেন।
মার্টিনোর স্থলাভিষিক্ত হিসেবে সেভিয়ার কোচ জর্জ সামপাওলি, অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ ডিয়াগো সিমিওনে ও টটেনহ্যাম বস মাউরিসিও পোচেটিনোকে নিয়োগের কথা উঠেছিল। কিন্তু বর্তমান ক্লাবগুলোর সঙ্গে চুক্তির বাধ্যবাধকতার কারণে এই তিন জনকে নিয়োগ দেয়া সম্ভব হয়নি।
ফেডারেশন সভাপতি পেরেজ জানিয়েছিলেন যে সামপাওলি ও মেসির সঙ্গে কথা বলতে যেতে পারেন। কিন্তু রোববার এটি বাতিল করে দেন।
কোচ হিসেবে দুটি কোপা লিবার্তাদোরেস জিতেছিলেন বাউজা। ২০০৮ সালে কুইটো ও ২০১৪ সালে স্যান লোরেঞ্জোর হয়ে শিরোপা দুটি জিতেছিলেন। ২০০৮ সালে দক্ষিণ আমেরিকার সেরা কোচের পুরস্কার পেয়েছিলেন।
আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে রক্ষণভাগে খেলেছিলেন বাউজা। ১৯৮১ থেকে ১৯৯০ সাল পর্যন্ত খেলোয়াড়ী জীবনে মাত্র তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি।

