স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের সাবেক মিডফিল্ডার জুনিনহো মনে করেন নেইমার যদি তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে রিও অলিম্পিকে সোনা জিততে পারবেন।
অলিম্পিক ফুটবলে এখন পর্যন্ত সোনো জিততে পারেনি ব্রাজিল। এবার নিজেদের মাটিতে অলিম্পিক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে এই পদকটি জয়ের জন্য নেইমারের দিকে তাকিয়ে আছে পুরো ব্রাজিল।
অলিম্পিকে খেলানোর জন্য শতবর্ষী কোপা আমেরিকায় নেইমারকে দলে নেয়া হয়নি। আগামী ৫ আগস্ট রিও ডি জেনিরোতে অলিম্পিকের পদক জয়ের লড়াই শুরু হবে। তবে ৪ আগস্ট থেকেই ফুটবলের লড়াই শুরু হয়ে যাবে।
নেইমার সর্বশেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেছেন ২০১৫ সালের কোপা আমেরিকায়। কিন্তু কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে যাওয়া ম্যাচটিতে লাল কার্ড দেখেছিলেন সাবেক সান্তোস তারকা। সেই সঙ্গে তাকে চার ম্যাচে নিষিদ্ধ করা হয়। ফলে টুর্নামেন্টের বাকি ম্যাচটিতে খেলতে পারেননি।
১৯৯৬ অলিম্পিকে ব্রোঞ্জ মেডেল জয়ী ব্রাজিলের সাবেক তারকা জুনিনহো বলেছেন, ‘নেইমার ব্যতিক্রমী খেলোয়াড়। আমি মনে করি সে অদ্বিতীয়। যখন তার পায়ে বল যায়, তখন সবাই গোল প্রত্যাশা করে।’
তিনি আরো বলেন, ‘তার অবশ্যই অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রণ করতে হবে। কারণ সে জানে যে সেলেকাওদের জন্য সে কতটা গুরুত্বপূর্ণ। দলের ভিন্ন রকম অনুভূতি আছে এবং জানে নেইমারের গুরুত্ব বোঝে। আমি বিশ্বাস করি তার সহায়তায় ব্রাজিল অলিম্পিক ২০১৬ তে বিজয়ী হবে।’

