স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্বে বেলজিয়ামের টম সেইন্টফিটকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। চুক্তির আনুষ্ঠানিকতা না সেরে রোববার দেশে ফিরে গেছেন তিনি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আশা ছিল সেইন্টফিট বেলজিয়াম যাওয়ার আগেই তার সঙ্গে চুক্তি সেরে ফেলা। কিন্তু চুক্তির কাজ না সেরে পারিবারিক কারণ দেখিয়ে ঢাকা ছেড়েছেন তিনি।
গত ২৭ জুলাই সেইন্টফিটের সঙ্গে চুক্তির দিনক্ষণ ছিল বাফুফের। কিন্তু সেদিন বাফুফে সভাপতির সঙ্গে আলোচনা করলেও পেটের অসুস্থতার কথা বলে চুক্তিপত্রে সই করেননি ৪৩ বছর বয়সী এই কোচ।
আফ্রিকার দল নাইজেরিয়া সেইন্টফিটকে কোচ হিসেবে নিয়োগ দেয়ার আগ্রহ প্রকাশ করেছে। ফলে বাংলাদেশের সঙ্গে চুক্তি করা নিয়ে সময় বাড়াচ্ছেন তিনি।
এই কোচের বাংলাদেশে ফেরা নিয়ে বাফুফের সাধারণ আবু নাঈম সোহাগ বলেন, ‘আমরা তার ফেরার টিকেট বুকিং দিয়েছি। তিনি নিশ্চিত করলেই আমরা টিকেট কেটে ফেলব।’
এশিয়ান কাপের প্লে-অফে ওঠার ম্যাচে ভুটানের সঙ্গে আগামী ৬ সেপ্টেম্বর ঢাকায় ও ১০ অক্টোবর ভুটানের মাঠে খেলবে বাংলাদেশ। বাফুফের আশা, আগামী ১৭ অগাস্ট বাংলাদেশে ফিরে ২৭ অগাস্ট থেকে ভুটান ম্যাচের জন্য ক্যাম্প শুরু করবেন সেইন্টফিট।
মৌখিকভাবে বাংলাদেশের কোচ হতে রাজি হয়ে গত ১২ জুলাই মামুনুলদের নিয়ে ক্যাম্প শুরু করেন সেইন্টফিট। ছয় দিনের ক্যাম্পের পর ভুটান ম্যাচের জন্য খেলোয়াড় বাছাই করতে প্রিমিয়ার লিগে সময় দেন তিনি।

