স্পোর্টস ডেস্ক : বুলাওয়েতে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাটিং শুরু করে জিম্বাবুয়ে। কিন্তু সফরকারী কিউইদের বিপক্ষে জিম্বাবুয়ের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো।
নিজেদের প্রথম ইনিংসে ১৬৪ রানেই অলআউট জিম্বাবুয়ে। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে স্বাগতিকদের সামনে রানের পাহাড় তুলে দেয় নিউজিল্যান্ড। টম লাথাম এর পর রস টেইলর ও বিজে ওয়াটলিংয়ের শতকে বুলাওয়ায়ে টেস্টে ৬ উইকেটে ৫৭৬ রান তুলে ইনিংস ঘোষণা করে কিউইরা।
নিজেদের প্রথম ইনিংসে ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসেও ধুঁকছে জিম্বাবুয়ে। ট্রেন্ট বোল্ট তোপে দলীয় ১৭ রানেই ৪ উইকেট হারিয়ে বসে দলটি। দ্বিতীয় ইনিংসের শুরুতেও এমন ব্যর্থতার পর ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় রয়েছে জিম্বাবুয়ে। তৃতীয় দিনের খেলা শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেটে ১২১ রান। ইনিংস পরাজয় এড়াতে এখনও ২৯১ রান চাই দলটির। ওয়ানডে মেজাজে খেলা ক্রেইগ আরিভন ৪৯ ও অধিনায়ক গ্রায়েম ক্রেমার ১৪ রানে ব্যাট করছেন।
চেনা মাঠে ৪১২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে প্রথম ওভারেই হ্যামিল্টন মাসাকাদজাকে হারায় জিম্বাবুয়ে। এরপর পঞ্চম বলেই ক্রিজে আসা চারিও বেশিক্ষণ টিকেননি। তাকে বিদায় করে নিজের প্রথম উইকেট নেন বোল্ট। পরের ওভারে ফিরে পর পর দুই বলে দুই অভিষিক্ত চামু চিবাবা ও প্রিন্স মাসভাউরেকে ফেরত পাঠান বোল্ট। চতুর্থ ওভারে ১৭ রানেই নেই জিম্বাবুয়ের চার উইকেট।
এই সময় চিবাবা ৭, মাসাকাদজা ৪, ব্রায়ান চারি ৫, মাসভাউরে ০ রানে ফিরেন। শুরুতে কিছুটা আশা দেখালেও জিম্বাবুয়ের হয়ে ২৯ বলে ৩৭ রান করে সাজঘরে ফেরেন সিকান্দার রাজা।
নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট ৩টি উইকেট পান। তাছাড়া টিম সৌদি ও মিচেল স্যান্টনার ১টি করে উইকেট পান।
এরআগে নিউজিল্যান্ডের হয়ে রানের পাহাড় গড়তে টম ল্যাথাম ১০৫, কেন উইলিয়ামসন ৯১, বিজে ওয়াটলিং ১০৭ রান করেন। তাছাড়া সর্বোচ্চ ১৭৩ রান নিয়ে অপরাজিত ছিলেন রস টেলর। ইনিংস পরাজয় এড়াতে হলে বাকি ৫ উইকেট নিয়ে এখন ক্রিজে আঁকড়ে থেকে ২৯১ রান করতে হবে স্বাগতিক জিম্বাবুয়েকে।

