স্পোর্টস ডেস্ক : ২০১৬-১৭ মৌসুমের প্রতিযোগিতামূলক আসর শুরু হওয়ার আগে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের লড়াইয়ে হার দিয়ে যাত্রা শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। গত বুধবার রাতে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) কাছে ধরাশায়ী বিধ্বস্ত হয়েছিল জিনেদিন জিদানের দল, ৩-১ গোলে।
দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালো লস ব্লাঙ্কসরা। শনিবার রাতে তারা হারিয়ে শক্তিশালী চেলসিকে একই ব্যবধানে (৩-১)। এই ম্যাচের রিয়ালের জয়ের নায়ক আগের ম্যাচে একমাত্র গোলটি করা মার্সেলো। ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার এ যাত্রায় করেছেন জোড়া গোল।
যুক্তরাষ্ট্রের মিশিগানে ইনজুরিতে থাকা দলের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই খেলতে নামে রিয়াল। ছিলেন না ‘বিবিসি’র অন্য দুই সদস্য গ্যারেথ বেল ও করিম বেনজেমাও। তাদের ছাড়াই জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল। সম্ভব হয়েছে মার্সেলো নৈপুণ্যে!
১৯ মিনিটের মাথায় রিয়ালকে এগিয়ে দেন মার্সেলো। চেলসির ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক জোরালো শটে লক্ষ্যভেদ করেন তিনি। ২৬তম মিনিটে জিদানের দলের গোল ব্যবধান দ্বিগুণ করেন এই ব্রাজিলিয়ান। ৩৭ মিনিটে মারিয়ানো ডায়াস গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধে এসে অবশ্য খেই হারিয়ে ফেলে রিয়াল। তাই বলা চলে, প্রথমার্ধ লস ব্লাঙ্কসদের হলে দ্বিতীয়ার্ধটা ছিল চেলসির। ম্যাচের শেষ দিকে জ্বলে উঠেছিলেন ব্লুজদের ‘নাম্বার টেন’ ইডেন হাজার্ড। ৮০ ও ৯১ (৯০+১) মিনেটে রিয়ালের জাল কাঁপান বেলজিয়ামের এই তারকা। তবে শেষ পর্যন্ত হারের গ্লানি নিয়ে মাঠ ছেড়েছেন তারা।

