বিনোদন ডেস্ক : অভিনয় জীবনে ব্যাপক প্রশংসিত ভারতীয় অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা। ক্যারিয়ারে তার অভিনীত বহু সিনেমা বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফিল্ম ফেস্টিভালে প্রদর্শীত হয়েছে, ছিনিয়ে এনেছে বহু পুরস্কারও। আর এবার নিজের পরিচালিত প্রথম সিনেমা করেই ডাক পেলেন বিশ্বের গুরুত্বপূর্ণ টরেন্টো ফিল্ম ফেস্টিভালে।
আসছে ৮ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত কানাডার টরেন্টোতে বসছে ৪১তম চলচ্চিত্র উৎসবে। আর এই উৎসবে প্রদর্শীত হবে বিশ্বের বিভিন্ন দেশের প্রখ্যাত সব নির্মাতার ছবি। আর এই ফেস্টিভালেই নিজের প্রথম চলচ্চিত্র প্রদর্শনীর আমন্ত্রণ পেলেন বাঙালি মেয়ে কঙ্কনা। অন্যবার হয়তো অভিনেত্রী হিসেবে কোনো ফেস্টিভালে আমন্ত্রণ পেয়েছেন, কিন্তু এবারই নিজের প্রথম পরিচালিত সিনেমা ‘অ্যা ডেথ ইন দ্য গুঞ্জ’ নিয়ে চলচ্চিত্র উৎসবে হাজির থাকবেন কঙ্কনা।
এরইমধ্যে নিজের প্রথম পরিচালিত সিনেমার ট্রেলারও রিলিজ হয়েছে। ১৯৭৯ সালের প্রেক্ষাপটে ছবিটি নির্মাণ করেছেন কঙ্কনা। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে আছেন বিক্রান্ত। তাকে কেন্দ্র করেই গল্প এগিয়ে যায়। তার বিভিন্ন অনুভূতি, প্রেম, ভয় আর বন্ধুত্বের গল্পেই নির্মিত হয়েছে থ্রিলারধর্মী এই ছবিটি।
ছবিতে প্রাক্তন স্বামী বিক্রান্ত ছাড়াও অভিনয় করেছেন কল্কি কোয়েচলিন, গুলশান দেবাইয়া, তিলোত্তমা সোম, জিম সারভ, তনুজা মুখোপাধ্যায় এবং ওম পুরি।
আসন্ন টরেন্টো ফিল্ম ফেস্টিভালে কঙ্কনার এই ছবিটি ছাড়াও ইন্দো-আমেরিকান বিখ্যাত নারী নির্মাতা মীরা নয়ারের বায়োগ্রাফিক্যাল ড্রামা ‘কুইন অব ক্যাটুই’ ছবিটিও প্রদর্শন ও প্রতিযোগিতা বিভাগে লড়বে। এই ছবিতে অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেত্রী লুপিতা নয়ঙ এবং ডেভিড ওয়েলো।
এছাড়াও মেধাবী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী ও ‘স্লামডগ মিলিনিয়ার’ খ্যাত তারকা অভিনেতা দেব প্যাটেল অভিনীত ‘লায়ন’ ছবিটিও প্রদর্শীত হবে। গার্থ ডেভিসের পরিচালনায় এই ছবিতে আরো আছেন রনি মারা, ডেভিড উইনহেম, নিকল কিডম্যান এবং ভারতীয় অভিনেত্রী তানিসথা চ্যাটার্জি। ছবিটি আমেরিকায় মুক্তি পাবে আসছে নভেম্বরের ২৫ তারিখে।

