প্রযুক্তি ডেস্ক : স্যামসাং বাংলাদেশ দেশের বাজারে নিয়ে এলো স্যামসাং জে২ এর ২০১৬ ভার্সন। নতুন এই ফোনটিতে টার্বো স্পিড প্রযুক্তির(টিএসটি) সংমিশ্রণ রয়েছে। দেশে সর্বাধিক বিক্রিত স্মার্টফোন গ্যালাক্সি জে২ ২০১৫ হ্যান্ডসেটের পরবর্তি সংস্করণ গ্যালাক্সি জে২ ২০১৬ এডিশন।
৫ ইঞ্চির এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে, ১.৫ গিগাহার্টজ কোয়াড কোর প্রোসেসর, ১.৫ গিগাবাইট র্যাম এবং ৮ জিবি স্টোরেজ রয়েছে। অতিরিক্ত মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ফোনটির মেমোরি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যায়। অ্যান্ড্রয়েড ৬.০ মার্শম্যালো অপারেটিং সিস্টেমে ফোনটি পরিচালিত হবে।
স্যামসাং গ্যালাক্সি জে২ ২০১৬ হ্যান্ডসেটটি ২০১৫ ভার্সনের তুলনায় ক্যামেরাতে নিয়ে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। রিয়ার ক্যামেরা ৫ মেগাপিক্সেল থেকে ৮ মেগা পিক্সেলে করা হয়েছে এবং ফ্রন্ট ক্যামেরাতেও পরিবর্তন এসেছে যা ২ মেগাপিক্সেল থেকে বেড়ে ৫ মেগা পিক্সেলে হয়েছে।
এই ডিভাইসটিতে ২০১৫ হ্যান্ডসেট থেকে ৩০ শতাংশ বেশি ব্যাটারি ক্ষমতা বাড়িয়ে ২ হাজার ৬০০ মিলি অ্যাম্পিয়ার পার আওয়ার করা হয়েছে।
স্যামসাং জে সিরিজে রি-ডিজাইন করে স্যামসাং গ্যালাক্সি জে২ ২০১৬ টার্বো স্পিড প্রযুক্তি এনেছে। টারবো স্পিড প্রযুক্তি (টিএসটি) ডিভাইসটিকে উচ্চতর কার্যক্ষমতা দেবে এবং অন্যান্য দিগুণ র্যামের ডিভাইস থেকে ৪০ শতাংশ অধিকতর দ্রুত গতিতে অ্যাপ লোড করবে। সবচেয়ে বেশি ব্যবহার করা অ্যাপসগুলো যেমন- ক্যামেরা, গ্যালারি এবং কন্টাক্টকে স্যামসাং নতুন করে সাজিয়েছে। এই ডিভাইসটি অকার্যকর কাজগুলোকে সক্রিয়ভাবে বন্ধ করে দেয় এবং ইনটেলিজেন্ট মেমোরি ম্যানেজমেন্টের মাধ্যমে র্যামের অপ্রয়োজনীয় ব্যবহার কমিয়ে দিয়ে র্যামকে নতুন কাজের জন্য ফ্রি রাখে যাতে ফোনের গতি বৃদ্ধি পায়।
স্যামসাং গ্যালাক্সি জে২ ২০১৬ হ্যান্ডসেটে আরও রয়েছে এস বাইক মোড এবং আল্ট্রা ডাটা সেভিং মোড যা ডিভাইসটিকে সাশ্রয়ী হ্যান্ডসেটের বিভাগে নতুন মাত্রা দিয়েছে। স্যামসাং গ্যালাক্সি জে২ ২০১৬ হ্যান্ডসেটটি কালো, সোনালী এবং রুপালী রঙে বাংলাদেশের বাজারে ১৩ হাজার ৪৯০ টাকায় পাওয়া যাচ্ছে।

