বিনোদন ডেস্ক : নজরুল সঙ্গীত সম্রাজ্ঞী ফিরোজা বেগমের ৯০তম জন্মদিনে তাঁকে স্মরণ করেই সুস্মিতা আনিস নিবেদন করেছেন ‘স্মৃতিরা পোহায় রোদ্দুর’। ফিরোজা বেগমের উত্তরসূরি এবং ভাইজি সুস্মিতা আনিস মিউজিক ভিডিওটিতে তুলে ধরেছেন তাঁর ছেলেবেলার স্মৃতি। সুস্মিতা আনিসের এই মৌলিক আধুনিক গানটিতে উঠে এসেছে তাঁর দাদা-দাদির কথা, ফরিদপুরে তাঁর দাদা বাড়ীর কথা, চাচা ফুপু আর একসাথে বেড়ে ওঠা ভাই-বোনদের স্মৃতি। ফরিদপুরের দাদা বাড়ীতে চিত্রায়িত এই মিউজিক ভিডিওটিতে সংযোজন করা হয়েছে অনেক আর্কাইভ ছবি। পুরনো এই ছবিগুলোতে উঠে এসেছে ফরিদপুরে সেইসব দিনগুলোর স্মৃতি। প্রখ্যাত সঙ্গীতজ্ঞ, সুরকার ও গীতিকার মোহাম্মদ আসাফুদ্দৌলাহর কথা ও সুরে মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন ইয়ামিন ইলান।
হৃদয়গ্রাহী সুরে এই মৌলিক আধুনিক গানটি পাওয়া যাবে ইউটিউবসহ সকল অনলাইন চ্যানেলে। আজ ২৮শে জুলাই চ্যানেল আই-এ সর্বপ্রথম সম্প্রচার করা হবে মিউজিক ভিডিওটি। এছাড়া এই দিন চ্যানেল আইয়ে সম্প্রচারিতব্য সুস্মিতা আনিসের একক সঙ্গীতানুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’ নিয়মিত অনুষ্ঠানে মিউজিক ভিডিওটির উপর আলোকপাত করবেন শিল্পী নিজে। প্রয়াত ফিরোজা বেগমের জন্মদিনে সুস্মিতা আনিস অনুষ্ঠানটি উৎসর্গ করেছেন তাঁর গানের ফুপুরস্মৃতির উদ্দেশ্যে। ২৮শে জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় থেকে ৮টা ৪৫ মিনিটে সরাসরি সম্প্রচারিত হবে চ্যানেল আই-এর নিয়মিত প্রভাতী গানের অনুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’।
অনুষ্ঠানটিতে শিল্পীকে সঙ্গত দিচ্ছেন খ্যাতনামা তবলাবাদক সৈয়দ মেহের হোসেন। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ইয়ুসুফ আহমেদ খান। এছাড়াও এ মাসেই বিটিভিতে সম্প্রচারিত হবে সুস্মিতা আনিসের ফুপা ভারতীয় উপমহাদেশে বরেন্য সুরকার কমল দাসগুপ্ত স্মরণে একটি বিশেষ অনুষ্ঠান। বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক বাক্তিত্ব কামাল লোহানীর প্রন্থনায় ও উপস্থাপনায় অনুষ্ঠানটিতে গাইছেন সুস্মিতা আনিস।

