কুমিল্লা প্রতিনিধি : জেলার চান্দিনায় চাঁদার দাবিতে সংখ্যালঘু পরিবারের বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুর চালিয়ে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
সোমবার (২৫ জুলাই) সকালে চান্দিনার বড়গোবিন্দপুরে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রসুল নিজামী জানান, ঘটনাটি গুরুত্বসহকারে দেখছে পুলিশ। হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত ২২জুলাই শুক্রবার চাঁদা না দেয়ায় চান্দিনা বড়গোবিন্দপুর গ্রামের মনিন্দ্র দেবনাথের বাড়িতে ১৫/২০ জন দুর্বৃত্তদের একটি দল নবনির্মিত বাড়ির প্রাচীর ভেঙে ফেলে দেয়। পরে তারা বাড়িতে থাকা মনিন্দ্রের স্ত্রী দিপালী দেবনাথের ওপর চড়াও হয়। এসময় তিনি দৌড়ে ঘরে গিয়ে আত্মরক্ষা করেন। পরে কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে টাকা-পয়সা লুট করে নেয় এবং যাবার সময় বাড়ি বেশ কিছু গাছ কেটে নেয়। এ ঘটনায় মনিন্দ্র দেবনাথের ছেলে চান্দিনা থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

