চট্টগ্রাম প্রতিনিধি : ফটিকছড়ি উপজেলায় কাঠ ব্যবসায়ী লোকমানকে হত্যার দায়ে ব্যবসায়ী রমজান আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে এক লাখ টাকা অর্থদণ্ড ও আরো পাঁচ বছর কারাদণ্ডও দেয়া হয়েছে।
রোববার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুন্সী আবদুল মজিদ এ আদেশ দেন।
একই মামলায় আরেক আসামি ননাইয়্যা ওরফে ডাইল্লাকে ১০ বছরের কারাদণ্ড হয়েছে এবং অপর দুই আসামি মোহাম্মদ ইউনূস ও নুরুল আলম সওদাগর খালাস পেয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি বি কে বিশ্বাস বলেন, ‘ অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত রমজান আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে; অনাদায়ে তাকে আরও পাঁচ বছর কারা ভোগ করতে হবে। একই মামলার আরেক আসামিকে কারাদণ্ড ও অর্থদণ্ড এবং অপর দুই আসামিকে খালাস দেয়া হয়েছে।’
মামলার এজাহার থেকে জানা যায়, ১৯৯৬ সালে ২২ অক্টোবর রমজানসহ আরও কয়েকজন কাঠ ব্যবসায়ী লোকমানকে গাছ দিয়ে আঘাত করে গুরুতর জখম করেন। পরে হাসাপাতলে নেওয়ার পর লোকমানের মৃত্যু হয়। ঘটনার পরদিন তার বাবা পাঁচজনকে আসামি করে ফটিকছড়ি থানায় হত্যা মামলা করেন। ১৯৯৭ সালে ২০ ফেব্রুয়ারি পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

