নিজস্ব প্রতিবেদক : জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও অসাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে অনুষ্ঠিত হয়েছে মহানগর সার্বজনীন পূজা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন।
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শুক্রবার (২২ জুলাই) সকালে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও সাংসদ শেখ ফজলুল করিম সেলিম।
মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জেএল ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে শেখ সেলিম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, ‘বিএনপি-জামাতের সঙ্গে ঐক্য নয়। ঐক্য হবে জনগের সঙ্গে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঐক্য হয়ে গেছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধসহ সব জাতি নিয়ে আমরা এক জাতি।’
তারেক রহমানকে চোর আখ্যায়িত করে ফজলুল করিম সেলিম বলেন, ‘টাকা পাচার করে বিদেশে অবস্থান করছে। ইসরাইলের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে। বিশ্বে কোনো অপশক্তি টিকে থাকতে পারে না, বাংলাদেশেও কোনো অপশক্তি টিকে থাকতে পারবে না। যে কোনো অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করা হবে।’
সেলিম আরো বলেন, ‘পাশ্ববর্তী দেশ এর সহযোগিতায় আমরা ন্যায়ের পথে কাজ করবো। বঙ্গবন্ধুর স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো। ২০৪১ সালের সধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে আমরা কাজ করছি।’
ফজলুল করিম সেলিম বেগম জিয়াকে ইঙ্গিত করে বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে তারা হত্যা করেছে। বঙ্গবন্ধু ৯ মাসের মুক্তিযুদ্ধে একটি সংবিধান করেছিলেন। সেখানে বলা ছিল ধর্মের নামে রাজনীতি করতে পারবে না। এই ছিল মুক্তিযুদ্ধের অন্যতম আদর্শ। আর জিয়া ছিল পাকিস্তানের এজেন্ট। তিনি ধর্মের নামে রাজনীতি করার অধিকার দিয়েছিলেন।’
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘বিএনপি-জামাত ইসরাইলের সঙ্গে হাত মিলিয়ে দেশে গুপ্ত হত্যা শুরু করেছে। তারা ভেবেছে হিন্দু প্রধানদের হত্যা করে পাশ্ববর্তী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করা যাবে। কিন্তু গুপ্তহত্যা করে সম্প্রীতি নষ্ট করা যাবে না। তারা ভেবেছিল এসব করে এই সরকারকে উৎখাত করা যাবে। কিন্তু তা কখনো সম্ভব নয়।’
এর আগে ভারতীয় ডেপুটি হাই কমিশনার ড. আদর্শ সাইকা মঙ্গল প্রদীপ জ্বালিয় মহানগর সার্বজনীন পূজা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন।
এ সময় বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত সেন দীপু, সাধারণ সম্পাদক এডভোকেট তাপস কুমার পাল, মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক নারায়ন সাহা মনি বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠান শুরুর আগে জঙ্গিহামলায় যেসব মানুষ নিহত হয়েছেন তাদের সম্মানে দাঁড়িয়ে করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

