
জঙ্গিবাদ বিরোধী সভায় বক্তব্য দিচ্ছেন বিজেআরআই’র মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা ড. মো. কামাল উদ্দিন
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)-এ গত ১৯ জুলাই ‘জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাড়াও’-শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া নৃশংস জঙ্গি হামলাসহ সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের তৎপরতা বৃদ্ধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে এবং কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর নির্দেশনায় এ সভার আয়োজন করা হয়। মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা ড. মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজেআরআই’র সকল স্তরের বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারিরা অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত কর্মকর্তা কর্মচারিদের বক্তব্যের ভিত্তিতে বিজেআরআইকে জঙ্গি ও সন্ত্রাসমুক্ত রাখার জন্য বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় মহাপরিচালক আনসার, নিরাপত্তা প্রহরীসহ সংশ্লিষ্ট কাজে নিয়োজিত সকলকে আরো দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন। এছাড়া বিজেআরআই জামে মসজিদের কার্যকরি কমিটিসহ মসজিদের ইমামকে সাম্প্রতিক ঘটনা উল্লেখ করে ইসলামের দৃষ্টিতে জঙ্গিবাদ নিষিদ্ধ বিষয়ে খুতবা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়। মনিপুরিপাড়াসহ সকল আবাসিক স্থানের নিরাপত্তা জোরদারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। এ ছাড়া স্পর্শকাতর গবেষণা প্রতিষ্ঠান যেমন-জীন ব্যাংক, কেপিআইভুক্ত পাট বিষয়ক মৌলিক ও ফলিত গবেষণা প্রকল্পের গবেষণাগার বিশেষ নজরদারিতে রাখার সিদ্ধান্ত হয়। আবাসিক ও ইনস্টিটিউটের সকল বিভাগকে সিসি ক্যামেরার আওতায় আনারও সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে মহাপরিচালক ড. মো. কামাল উদ্দিন আইনশৃঙ্খলা রক্ষা কমিটি, সেবা কমিটিসহ সকল কমিটিকে এগিয়ে আসার আহ্বান জানান। সভায় উপস্থিত সবাই জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনের জন্য সরকারকে সহযোগিতা প্রদানসহ ইনস্টিটিউটকে জঙ্গি ও সন্ত্রাসমুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। মহাপরিচালক ড. মো. কামাল উদ্দিন তাঁর বক্তৃতায় জাতি-ধর্ম, বর্ণ-গোত্র নির্বিশেষে মানুষের কল্যাণে নিবেদিত হতে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।
ড. মো. কামাল উদ্দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর নির্দেশনাকে গুরুত্বের সাথে গ্রহণ করে তাঁদেরকে আন্তরিক অভিনন্দন জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

