
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের ইব্রাহিম সরদার নামে এক ছাত্রকে কুপিয়ে হাতের আঙ্গুল বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা।
বুধবার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ হামলার ঘটনা ঘটে। আহত ইব্রাহিম সরদার একাদশ শ্রেণির ছাত্র ও মাদারীপুর সদর উপজেলার কুলপদ্বি এলাকার মৃত ফজলু সরদারের ছেলে।
মাদারীপুরে একটি এতিমখানায় থেকে লেখাপড়া করেন ইব্রাহিম। চলতি বছরেই এসএসসি পাস করার পরে কলেজে ভর্তি হন। পৌর মার্কেটের একটি দোকানে কাজ করে লেখাপড়া ও পরিবারের ব্যয় নির্বাহ করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বেলা ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শহরের বাগেরপাড় এলাকার অন্তর, জুলহাস, জুয়েল দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ইব্রাহিমকে।
চিকিৎসকরা জানিয়েছেন, আহত ইব্রাহিমের ডান হাতের ৩টি আঙ্গুল কেটে ফেলা হয়েছে। এসময় সন্ত্রসীদের দেশীয় অস্ত্রের মহড়ায় পুরো কলেজে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
একাধিক ছাত্র জানান, অন্তর, জুলহাস, জুয়েল এরা কলেজের ছাত্র না হলেও প্রায়ই কলেজে এসে ছাত্র-ছাত্রীদের বিরক্ত করে। এছাড়া ছাত্রীদের উত্ত্যক্ত করে বলেও অভিযোগ আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্ররা জানান, এরা কলেজে নিয়মিত ইয়াবা বিক্রি করে। কেউ কিছু বললেই তাদের ওপর হামলা চালায়। কলেজ হোস্টেলে বিভিন্ন অনৈতিক কাজ করে বেড়ায়। দূর থেকে পড়তে আসা ছাত্রদের কাছে চাঁদাবাজী করে।
মাদারীপুর সরকারি নাজিম উদ্দিন কলেজের অধ্যক্ষ হিতেন চন্দ্র মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হামলার ঘটনাটি আমি পুলিশকে অবহিত করেছি। কলেজের নিরাপত্তার জন্য প্রশাসনের সহযোগিতা চাওয়া হলেও বিভিন্ন কারণে পুলিশ ক্যাম্পসে থাকতে পারে না। বহিরাগতদের কারণে সাধারন ছাত্র-ছাত্রীরা নিরাপত্তা ঝুঁকিতে থাকে। এটা আসলে দুঃখজনক।’
মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক বলেন, কলেজে বহিরাগতরা প্রবেশ করে ছাত্রদের ওপর হামলা করবে এটা মেনে নেয়া যায় না। বহিরাগত দোষীদের কঠোর শাস্তি দাবি করেন তিনি। এ ঘটনায় সদর থানায় অভিযোগ দেয়া হয়েছে।

