নিজস্ব প্রতিবেদক : খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ, জঙ্গি দমনে এমন কোনো সাহায্য আমেরিকাসহ কোনো দেশ থেকে বাংলাদেশ সরকার গ্রহণ করবে না।
শনিবার জাতীয় প্রেসক্লাবে সেক্টর কমান্ডারস ফোরাম আয়োজিত ‘জঙ্গিবাদী অপশক্তির উদ্বেগ ও মুক্তিযুদ্ধের বাংলাদেশ শীর্ষক জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ মোকাবিলায় সাহায্য করার অজুহাতে কোনো শক্তি বাংলাদেশে ঢুকে পড়বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সুযোগ দেবে না।’
তিনি বলেন, ‘জঙ্গিবাদ রোধে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল মসজিদে অভিন্ন খুতবা পাঠানো হচ্ছে। গতকাল অনেক মসজিদে অভিন্ন খুতবা পাঠ করা হয়নি। অভিন্ন খুতবা পাঠের নির্দেশনা কার্যকর করা হবে।’
গোলটেবিল আলোচনায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘জঙ্গিদের সঙ্গে কোনো সমঝোতা বা আপস নয়। সরকার জঙ্গিদের ধ্বংস ও দমন করার নীতিতে বিশ্বাসী।’
তিনি বলেন, ‘দেশকে অস্থিতিশীল করে বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার উৎখাত করাই জঙ্গিদের লক্ষ্য। তাই সরকার জঙ্গিদের ধবংস করতে সরকার বদ্ধ পরিকর।’
নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমোডর(অব)ইসফাক এলাহী চৌধুরী বলেন, ‘জঙ্গিবাদ মোকাবিলায় শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন করতে হবে।’
সেক্টর কমান্ডারস ফোরামের ভাইস চেয়ারম্যান নুরুল আলমের সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, প্রাক্তন সেনা প্রধান জেনারেল হারুনর রশিদ, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমোডর(অব) ইসফাক এলাহী চৌধুরী, সাংস্কৃতিক ব্যত্তিত্ব ম হামিদ, ওয়ার্কার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশা, মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম প্রতিষ্ঠাতা সারোয়ার আলী প্রমুখ বক্তব্য রাখেন।

