
রাজধানীর খামারবাড়িতে জঙ্গিবাদ বিরোধী প্রতিবাদ সমাবেশে (সামনের সারির বাঁ দিক থেকে) কৃষিবিদ মো. মোবারক আলী, মো. হামিদুর রহমান, এমএম সালেহ, সাইদুর রহমান সেলিম এবং মাহবুব আহমেদ
নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি রাজধানীর গুলশানের আর্টিসান হোটেল ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতের সন্নিকটে জঙ্গি হামলাসহ দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড, গুপ্তহত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)’র কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ। ডিএই’র মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমানের সভাপতিত্বে আজ মঙ্গলবার সকালে রাজধানীর খামারবাড়িতে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশ পরিচালনা করেন বিসিএস (কৃষি) এসোসিয়েশনের মহাসচিব কৃষিবিদ খায়রুল আলম প্রিন্স।
সমাবেশে বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে নিরীহ মানুষকে হত্যা করার সুযোগ নেই। সন্ত্রাসী ও জঙ্গীদের কোনো ধর্ম, বর্ণ, জাত, রঙ ও জাতীয় পরিচয় নেই। শান্তিপ্রিয় বাংলাদেশে জঙ্গি-সন্ত্রাসীদের স্থান নাই। তাই সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মাহবুব আহমেদ, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)’র মহাসচিব কৃষিবিদ মো. মোবারক আলী, কৃষক লীগের যুগ্ম সম্পাদক কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র সদস্য পরিচালক (ক্ষুদ্রসেচ) কৃষিবিদ সাইদুর রহমান সেলিম, কেআইবি’র সিনিয়র সহ-সভাপতি কৃষিবিদ এমএম সালেহ, বাংলাদেশ সরকারি কর্মচারি কল্যাণ ফেডারেশন (ঢাকা মহানগর)’র সভাপতি সৈয়দ শরীফুল ইসলাম ও খামারবাড়িস্থ বঙ্গবন্ধু কর্মচারি ইউনিয়নের মহাসচিব সিরাজুল ইসলাম।

