নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়ন পরিষদের যুবদল সহসভাপতি শাহাদাৎ হোসেন ছোটনকে সরকার সমর্থকরা হত্যা করে তার লাশ গুম করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বুুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মঙ্গলবার রাতে আওয়ামী সন্ত্রাসীরা কুপিয়ে নির্মমভাবে হত্যা করার পর লাশ গুম করেছে।’
এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘যুবলীগ-ছাত্রলীগ এবং অস্ত্রধারী কুখ্যাত সন্ত্রাসীরা তাদের পেশিশক্তি প্রদর্শন করে হত্যা, গুম, অপহরণ, চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডার সন্ত্রাস এবং ধর্ষণ ও নির্যাতনের মাধ্যমে গোটা দেশে এক অরাজক বিভিষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে।’
মির্জা ফখরুল বলেন, ‘দেশকে বিরাজনীতিকরণের নীলনকশার অংশ হিসেবে বর্তমান সরকার তাদের লালিত সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে বিরোধী দলীয় নেতা-কর্মীদেরকে হত্যার মাধ্যমে দেশকে মৃত্যু উপত্যকায় পরিণত করেছে। এই ঘটনাগুলো থেকে সন্দেহের যথেষ্ট অবকাশ থাকে যে, দেশে চলমান সহিংসতা, সন্ত্রাস ও উগ্রবাদী হামলার সঙ্গে এসব সংগঠনের সম্পর্ক রয়েছে কি না।’
তিনি বলেন, ‘বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠী বিরোধী দলের নেতা-কর্মীকে হত্যা এবং মানুষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকারকে বন্দুকের নলের আঘাতে ক্ষতবিক্ষত করছে কেবল নিজেদের একনায়কত্ব প্রতিষ্ঠার জন্য। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে তারা এখন সন্ত্রাস, সহিংসতা ও উগ্রবাদকে পূঁজি করে রাষ্ট্রক্ষমতা চিরস্থায়ী করতে চায়।’
বিএনপি মহাসচিব ছোটনের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। তিনি ছোটনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোকাহত পরিবারের সদস্যবর্গের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

