নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট উপজেলার চকিলাম সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে গোলাপ হোসেন (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে বলে জানা গেছে।
রোববার (১০ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। নিহত গোলাপ হোসেন উপজেলার চন্ডিপুর গ্রামের খয়রুলের ছেলে। তবে বিজিবি এখনো এ ঘটনার সত্যতা নিশ্চত করতে পারেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গোলাপ সীমান্তের ২৬৫ মেইন পিলারের কাছে গেলে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ বিষয়ে স্থানীয় ১৪ বিজিবির সেকেন্ড ইন কমান্ড (টুওয়াইসি) আলি রেজা জানান, সকাল থেকে স্থানীয়দের মুখে চকিলাম সীমান্তের ভারতীয় অভ্যন্তরে একজন বাংলাদেশী যুবক মারা যাবার খবর শোনা যাচ্ছে। বিষয়টি নিশ্চিত হতে পতাকা বৈঠক আহ্বান করে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। পতাকা বৈঠক শেষে বিষয়টির সত্যতা জানা যাবে।

