
নিহত সন্দেহভাজন হামলাকারী
কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের এক কিলোমিটারের মধ্যে বোমা হামলায় দুই পুলিশ সদস্যসহ চারজন নিহত এবং কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশির ভাগই পুলিশ সদস্য। এছাড়া ঘটনাস্থলে ঝর্ণা রানি ভৌমিক নামে এক নারী নিহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নিহত আরেকজন হামলাকারী হতে পারে বলে ধারণা পুলিশের।
প্রাথমিক তথ্য অনুযায়ী, শোলাকিয়া মাঠের এক কিলোমিটারের মধ্যে আজিমুদ্দিন স্কুলের পাশের গেইটে সকাল সাড়ে ৯টায় টহল পুলিশের ওপর বোমা হামলা করে দুর্বৃত্তরা। হামলার ঘটনায় শোলাকিয়া ময়দানে থাকা মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরে নির্বিঘ্নে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বলে পুলিশ জানায়।
হামলার পর পুলিশসহ ১৩ জনকে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হলে জহুরুল হক (৩০) ও আনসার উল্লাহ নামে দু্ই পুলিশ কনস্টেবলকে মৃত ঘোষণা করা হয়। ডেপুটি সিভিল সার্জন হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
শোলাকিয়া মাঠে উপস্থিত পুলিশ সুপার আনোয়ার হোসেন খানও এ সময় হাসপাতালে ছুটে যান। তিনি জানান, হামলাস্থল থেকে চাপাতি ও বোমাসদৃশ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এ ছাড়া গুলিসহ একটি রিভলবার উদ্ধার করা হয়েছে।
ডেপুটি সিভিল সার্জন জানান, আহতদের মধ্যে ছয় পুলিশ সদস্যকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।

