
জেলা প্রতিনিধি, ময়মনসিংহ : সদর উপজেলার বেলতলী নামক স্থানে যাত্রীবাহী পিকআপভ্যান (পালকি) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ঘটনাস্থলে নারীসহ পিকআপভ্যানের পাঁচ যাত্রী নিহত এবং হাসপাতালে চিকিৎসাধীন আরো ৩ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত আরো ১২ যাত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন- জেলার ফুলবাড়িয়া উপজেলার বোকামিয়া গ্রামের শামছুন্নাহার (৩৫), আজিজুল হক (১৬), মিনারা বেগম (৩০), মোবারক হোসেন (৩২) ও খোকন মিয়া (৩২)। অন্যরা হলেন- ঈশ্বরগঞ্জের মদিনা আক্তার (৩৫), জামালপুরের বকশিগঞ্জের সাগর মিয়া (১৮)। নিহত একজনের পরিচয় পাওয়া যায়নি। হতাহতরা সবাই পোশাক শ্রমিক বলে আহতরা জানিয়েছেন।
ময়মনসিংহ মেডিকেল হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে চিকিৎসাধীন ১৫ জনের মধ্যে সকাল সাড়ে ১০টার দিকে সাগর নামে একজন ও সাড়ে ১১টার দিকে শামছুন্নাহার ও আজিজুল নামে আরো দুই জনের মৃত্যু হয়।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে সদর উপজেলার বেলতলী এলাকায় ঢাকা থেকে ময়মনসিংহগামী পিকআপভ্যানকে (পালকি) ধাক্কা দিয়ে একটি যাত্রীবাহী বাস পালিয়ে যায়। এসময় যাত্রীবাহী পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এসময় চিকিৎসক একনারীসহ ৫ জনকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। নিহতদের লাশ হাসপাতালের মর্গে রয়েছে।

