বিনোদন ডেস্ক : পল্লীকবি জসীম উদ্দীনের ছোটগল্প ‘আয়না’ গল্প অবলম্বনে সুমন ধরে ছবি ‘দর্পণ বিসর্জন’। শুটিং শেষে গত ১৫ জুন সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র লাভ করেছে ছবিটি। এবার মুক্তির পালা। নির্মাতা জানান, আসছে ঈদুল ফিতরের দিন দুপুর আড়াইটায় চ্যানেল আইয়ে ‘দর্পণ বিসর্জন’-এর টেলিভিশন প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।
ইমপ্রেস টেলিফিল্ম এর প্রযোজনায় নির্মিত ‘দর্পণ বিসর্জন’ এর শুটিং শুরু হয়েছিলো, গেলো ২২ আগস্ট মুন্সিগঞ্জের দীঘিরপাড়ের সরিষা বন গ্রামে। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মাজনুন মিজান ও অপর্ণা ঘোষ। এছাড়াও রয়েছেন নবাগত আজাদ, আহসানুল হক মিনু, দিহান প্রমুখ।
‘দর্পণ বিসর্জন’ ছবির গল্পে দেখা যাবে, জেলে স্বামীকে নিয়ে নব বিবাহিতা বকুলের দিন সুখেই কাটছিল। জেলেপাড়ার লোকেরাও তাদের ভালো চোখে দেখে। এলাকাটি অনুন্নত হওয়ায় আয়নার চল নেই। ঘটনাচক্রে বকুলের স্বামীর হাতে আসে একটি আয়না, যাকে কেন্দ্র গল্প অন্যদিকে মোড় নেয়। বকুলের মনে বাসা বাঁধে অজানা শঙ্কা। স্বামী কেন ওই আয়নাটা সবসময় নিজের কাছে রাখে? আয়নার মধ্যে কি আরেকটা বউ লুকিয়ে আছে?
‘দর্পণ বিসর্জন’ সুমন ধর নির্মিত দ্বিতীয় সিনেমা। এর আগে ফরিদুর রেজা সাগরের গল্পে কিশোর চলচ্চিত্র ‘আমি ও আইসক্রিমওয়ালা’ নির্মাণ করেছেন তিনি।

