বিনোদন ডেস্ক : মজনুর প্রধান সমস্যা হলো সে প্রচন্ড রাগী। কথায় কথায় রেগে যায়। মা-বাবা, ভাই- বোন, প্রতিবেশী সবাই তাকে এই রগচটা স্বভাবের জন্য ভয় পায়। এই কারনে সবাই তাকে ঘাড়ত্যাড়া মজনু নামে ডাকে। একদিন ভোর বেলা ঘুম থেকে উঠে দেখে যে সত্যি সত্যি মজনুর ঘাড়টা বাকা হয়ে গেছে। পীর ফকির দেখিয়েও প্রতিকার পায় না। লজ্জায় সে রাস্তায় বের হতে পারে না। বোরকা পরে বের হয়। বাবা চিন্তা করে ছেলের একটা বিয়ে দিতে পরলে হয়ত ওর এই সমস্যার সমাধান হবে। হয়ও ঠিক তাই। মেয়ের বাড়ি থেকে লোকজন আসে তাকে দেখতে। সেই দিনই মজনুর ঘাড় ঠিক হয়ে যায়।
এমন গল্পে মাছরাঙা টেলিভিশনের এবারের ঈদ আয়োজনে প্রচারিত হবে ছয় পর্বের ধারাবাহিক নাটক ‘ঘাড়ত্যাড়া মজনু’। ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে প্রচারিত হবে নাটকটি। নাটকে ঘাড়ত্যাড়া মজনু চরিত্রে দেখা যাবে জাহিদ হাসানকে।
লিটু সাখাওয়াতের রচনায় এটি পরিচালনা করেছেন রুমান রুনি। জাহিদ হাসান ছাড়াও এতে আরও অভিনয় করেছেন তানজিন তিশা, মিলন ভট্টসহ আরও অনেকে।

