সাভার প্রতিনিধি : ধামরাইয়ের একটি সিএনজি পাম্পের ম্যানেজার আবুল শেখকে গুলি করে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
রোববার দুপুরে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আবুল শেখকে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) দীপক চন্দ্র সাহা জানান, ধামরাইয়ের জয়পুরার পার্ল সিএনজি পাম্পের ম্যানেজার আবুল শেখ সাড়ে তিন লাখ টাকা নিয়ে বাজার এলাকায় আইএফআইসি ব্যাংকে জমা দেয়ার উদ্দেশ্যে অটোরিকশায় রওনা দেন। তিনি ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ডের মহাসড়ক থেকে ধামরাই বাজারের দিকে মোড় নিতেই একটি মোটরসাইকেলের দুই আরোহী তার গতিরোধ করে। এ সময় আবুল শেখের বাম পায়ে গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
গুরুতর আহত অবস্থায় আবুল শেখকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজে পাঠানো হয়। এ ঘটনায় ধামরাই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

