সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার বৈকারী সীমান্তের বিপরীতে ভারতের কৈজুড়ি এলাকায় বিএসএফের গুলিতে আলমগীর কবীর (৩০) নামে এক বাংলাদেশি গরু রাখাল আহত হয়েছেন।
রোববার ভোরে আলমগীর কবীরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিজিবির পক্ষ থেকে এ ঘটনা অস্বীকার করা হয়েছে।
গুলিবিদ্ধ আলমগীর কবীর সাতক্ষীরা সদরের আলীপুর এলাকার গোলাম মোস্তফার ছেলে।
আলমগীর কবিরের স্ত্রী আনোয়ারা বেগম জানান, গড়েরকান্দার আলমগীর কবীরের সঙ্গে তার বিয়ে হলেও সপরিবারে তারা থাকেন আলীপুরের বাপের বাড়িতে। শনিবার বিকেলে চারজনকে নিয়ে তার স্বামী বৈকারী সীমান্ত দিয়ে পার হয়ে ভারতে গরু আনতে যায়। রোববার ভোরে গরু নিয়ে ফেরার সময় বৈকারী সীমান্তের বিপরীতে ভারতের কৈজুড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার স্বামীর ঘাড়ে গুলি লাগে। সহযোগিরা তাকে উদ্ধার করে বাড়িতে দিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয় আলমগীরকে ।
বৈকারী বিজিবি ক্যাম্পের সুবেদার হুমায়ুন কবীর জানান, এ ধরনের ঘটনা জানার পর কৈজুড়ি বিএসএফ ক্যাম্পে টেলিফোন করা হলে তারা গুলির ঘটনা অস্বীকার করেছে।

