নোয়াখালী প্রতিনিধি : সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নে ডাকাতদের ছোড়া গুলিতে আহত রশরাজ ভৌমিক (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার সকাল ৭টার দিকে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। নিহত রশরাজ ভৌমিক কাদরা ইউনিয়নের নিজসেনবাগ গ্রামের নবকৃষ্ণ মজুমদার বাড়ির সূর্য মোহন দাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ জুন (শনিবার) দিবাগত রাতে নবকৃষ্ণ মজুমদার বাড়ির শুকান্ত চন্দ্র ভৌমিকের ঘরে ১০/১২ জনের একদল ডাকাত প্রবেশ করে। পরে তারা ঘরে থাকা লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৮০ হাজার টাকা, সাড়ে ৩ ভরি স্বর্ণ ও মোবাইলসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ঘরে থাকা লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার করলে ওই বাড়ির পাশের ঘরের লোকজন ছুটে এসে ডাকাতদের ধাওয়া করে। এসময় ডাকাতদল লোকজনকে লক্ষ্য করে গুলি ছুড়লে রশরাজ ভৌমিক পায়ে গুলিবিদ্ধ হন।
পরে পরিবারের লোকজন তাকে প্রথমে ফেনী সরকারি হাসপাতালে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করে। শনিবার সকালে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ বলেন, ‘গুলিবিদ্ধ রশরাজ ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে আমরা শুনেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

