রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর পবায় পপি বেগম নামে দুই সন্তানের জননীকে গলা টিপে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার হরিপুরে শুক্রবার রাতে যেকোনো এক সময় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত পপি বেগমের বাবা বাদী হয়ে পবা থানায় জামাই মিলন হোসেনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
স্থানীয়রা জানান, শনিবার সকালে পপি বেগম নিজ শয়নকক্ষে মৃত অবস্থায় পড়ে ছিল। স্বামীর বাড়ির লোকজন বিষয়টিকে স্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দেয়ার চেষ্টা করেছিল। কিন্তু পপির বাবা ও পরিবারের অন্য সদস্যরা বিষয়টি পরিকল্পিতভাবে হত্যা বলে অভিযোগ করেন।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরিফুল ইসলাম জানান, মেয়ের পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় স্বামী মিলন পলাতক রয়েছে বলেও জানান তিনি।

