কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় ৬ পিস সোনার বারসহ (স্বর্ণের বিস্কুট) এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
ভারতে পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে শুক্রবার সকাল ১০টার দিকে একটি মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। আটক আত্তাবুর (৩৫) পার্শ্ববর্তী কেঁড়াগাছির চারাবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ভারতীয় সীমান্তবর্তী উপজেলার কেঁড়াগাছির মজুমদার খালের উপর থেকে সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল আরোহী আত্তাবুরকে চ্যালেঞ্জ করে কাকডাঙ্গা বিওপির হাবিলদার বাসারাতের নেতৃত্বে বিজিবি সদস্যরা। এ সময় আত্তাবুরের অন্তর্বাসের ভেতর লুকিয়ে রাখা ৬ পিস স্বর্ণের বিস্কুট বা সোনার বার উদ্ধার হয়। আটকের সময় তার ব্যবহৃত হিরোহোন্ডা সিটি মোটরসাইকেলটি (সাতক্ষীরা-হ-১২-৬৬১৭) জব্দ করা হয়।
খবর পেয়ে সাতক্ষীরা-৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল আরমান হোসেন, কাকডাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার কবিরসহ বিজিবি সদস্যরা সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন।

