জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিমুলতলী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার সানোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সানোয়ার হোসেন পাঁচবিবি উপজেলার বিনশিরা গ্রামের নাছের উদ্দীনের ছেলে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ভোরে ওই এলাকায় সংঘবদ্ধ ডাকাত দল রাস্তায় গাছের গুড়ি ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি করে। এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় সানোয়ার হোসেনকে আটক করা হয়। পরে সানোয়ার হোসেনকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় তকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনাস্থল থেকে চাকু, ছুরি, রডসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ সানোয়ার হোসেনের বিরুদ্ধে পাঁচবিবি থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র ও ডাকাতির ১৮টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

