ঢাকাWednesday , 22 June 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্পের জাতীয় কর্মশালা অনুষ্ঠিত

Link Copied!

কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জের মাল্টা চাষী মো. মতিউর রহমান তার সাফল্যগাঁথা তুলে ধরছেন

কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জের মাল্টা চাষী মো. মতিউর রহমান তার সাফল্যগাঁথা তুলে ধরছেন

নিজস্ব প্রতিবেদক : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)’র দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্প (এসসিডিপি)’র জাতীয় কর্মশালা গত ২১ জুন মঙ্গলবার রাজধানীর খামারবাড়িস্থ আ. কা. মু. গিয়াসউদ্দিন মিলকি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ডিএই’র মহাপরিচালক মো. হামিদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রকল্পটির ২০১৫-১৬ অর্থবছরের অগ্রগতি পর্যালোচনা ও ২০১৬-১৮ অর্থবছরের কর্মপরিকল্পনা গ্রহণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মো. হামিদুর রহমান বলেন, কৃষিখাতে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কৃষকের উৎপাদিত ফসলের সঠিক মূল্য নিশ্চিতকরণ। এক্ষেত্রে প্রকল্পভুক্ত উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট উপ-সহকারি কৃষি কর্মকর্তা, কমিউনিটি ফেসিলিটেটর, সার্ভিস প্রোভাইডার এবং কৃষক বিপণন সংঘ (এফএমএ) যদি আন্তরিকভাবে পারস্পরিক সমন্বয় রেখে কাজ করেন তাহলে অবশ্যই কৃষকের উৎপাদিত ফসলের সঠিক মূল্য নিশ্চিতকরণ সম্ভব। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অত্যন্ত আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
কর্মশালায় প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যসহ চলমান অর্থবছরের অগ্রগতি উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মো. গোলাম মারুফ। তিনি জানান, জুলাই-২০১০ সাল থেকে শুরু হওয়া এ প্রকল্পটি আগামী জুন-২০১৭ সাল পর্যন্ত চলবে। ইতোমধ্যে প্রকল্পের বেশকিছু কার্যক্রম শতভাগ সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট কার্যক্রমগুলোরও ৮০ থেকে ৮৫ ভাগ কাজ শেষ হয়েছে।
প্রকল্পটির টিম লিডার ড. এসপি ঘোষ প্রকল্পের কম্পোনেন্ট অনুযায়ী সফলতার বিবরণ তুলে ধরেন। অনুষ্ঠানে যশোর জেলার মনিরামপুরের উপজেলা কৃষি কর্মকর্তা শুশান্ত কুমার তরফদার, নাটোর জেলার বাগাতিপাড়ার উপজেলা কৃষি কর্মকর্তা বাবলু কুমার সূত্রধর স্বীয় উপজেলায় প্রকল্প কর্তৃক গৃহীত পরিকল্পনা, বাস্তবায়িত কার্যক্রম এবং সাফল্যগাঁথা তুলে ধরেন। বরিশাল সদরের উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা ইয়াসমিন তার উপজেলা থেকে বিভিন্ন দেশে সবজি রপ্তানির যে অপার সম্ভাবনা রয়েছে সে বিষয় কর্মশালায় উপস্থাপন করেন। এ ছাড়া, দু’জন কৃষক এবং দু’জন কৃষাণী দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্পের সহায়তায় তাদের অর্জিত সাফল্যের কাহিনী তুলে ধরেন।
কর্মশালায় প্রকল্পভুক্ত রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের ২৭টি জেলার ৫২টি উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অঞ্চলের অতিরিক্ত পরিচালক, উপ-পরিচালক, উদ্যানতত্ত্ববিদ, উদ্যান প্রশিক্ষণ কর্মকর্তা, প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক ও মনিটরিং অফিসার, বাংলাদেশ ব্যাংক, ব্র্যাক, বেসিক ব্যাংক লিঃ ও ইস্টার্ন ব্যাংক লি.-এর প্রতিনিধিগণ এবং কৃষি সম্প্রসরণ অধিদপ্তরের বিভিন্ন উইংয়ের পরিচালকবৃন্দসহ প্রায় দুই শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।