লক্ষ্মীপুর প্রতিনিধি : জেলার রায়পুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে পৌরসভার পশ্চিম কেরোয়া গ্রামের এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন সর্দ্দার বাড়িতে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ মামলার প্রস্তুতি নিয়েছে।
উভয় গ্রুপের আহতরা হলেন-আয়তউল্যা, মায়া, মরিয়ম, শাহীন, ইকবাল, ইয়াছমিন, রহিমা, তাসলিমা, শরীফ ও মিন্টুসহ ১০ জন। এদের মধ্যে আয়াতউল্যা ও ইয়াছমিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। আহতদের মধ্যে ৬ জনকে রায়পুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহতরা ও স্থানীয় লোকজন জানান, কেরোয়া গ্রামের পলি ও লেদির সর্দার বাড়িতে বিয়ে হয়। উভয় গৃহবধূর বাবার বাড়িতে একে অপরের বিরুদ্ধে অপপ্রচার করায় তা তাদের স্বামীর বাড়িতে পারিবারিক বিরোধ দেখা দেয়। এরই জের ধরে মঙ্গলবার দুপুরে উভয় গৃহবধূর স্বামীর পরিবারের লোকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষ বেধে নারীসহ ১০ জন আহত হয়। এ ঘটনায় আয়তউল্যা ও মানিকের সঙ্গে কথা বললে তারা উভয় পরষ্পরবিরোধী বক্তব্য দেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, খবর পেয়ে হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

