সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দে সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম মিল্টন (৩৮) আহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ৯টার দিকে কামারখন্দ উপজেলার হালুয়াকান্দি নিশিবাড়ী সংলগ্ন ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।
আহত মিল্টন একই উপজেলার বড় পাকুরিয়া গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে ও জামতৈল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক সদস্য এবং থানা আওয়ামী লীগের নেতা।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল সর্দার জানান, রাতে মোটরসাইকেলযোগে জামতৈল থেকে নিজ বাড়ি ফেরার পথে হালুয়াকান্দি নিশিবাড়ী ব্রিজ পার হওয়ার পর পিছন থেকে সন্ত্রাসীরা গুলি চালায়। এ সময় তার মাথায় ও পায়ে গুলি লাগলে গুরুতর আহত হন মিল্টন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে পাঠায়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়।
এদিকে মিল্টনের পরিবারের দাবি, ভারাঙ্গা গ্রামের ছানোয়ার হোসেন, পাচবাড়ীয়ার হালিম ও বড় পাকুরিয়ার ফারুক দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি ও ছিনতাই করে আসছিল। এসব অপকর্মের প্রতিবাদ করায় তার ওপর এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটানো হয়েছে।

