নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া এখনো রূপ পাল্টায়নি। পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার পর এবার গুপ্তহত্যার নেপথ্যেও অবস্থান নিয়েছেন খালেদা।’
রোববার (১৯ জুন) বিকেল ৩টা থেকে গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে বঙ্গবন্ধু স্টেডিয়াম গেটে ঘণ্টাব্যাপী চলা মানবন্ধনে তিনি এ মন্তব্য করেন। জঙ্গিবাদ ও গুপ্তহত্যার প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে এ মানববন্ধন কর্মসূচি পালন করে ১৪ দলের নেতাকর্মীরা।
মতিয়া চৌধুরী বলেন, ‘বিএনপি-জামায়াত নির্বাচনে অংশগ্রহনণ না করে পেট্রোল বোমার তাণ্ডব চালিয়ে ব্যর্থ হয়েছিল। সরকার পতনে ব্যর্থ হয়ে খালেদা জিয়া এখন গুপ্তহত্যায় জড়িয়ে পড়েছে। বেগম জিয়া তার রুপ পরিবর্তন করতে পারেনি।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া মনে করেছিলেন- গুপ্তহত্যার মাধ্যমে সরকারকে উৎখাত করতে পারবেন। কিন্তু বাংলার মাটিতে এটা সম্ভব নয়। এদেশের মানুষ গুপ্তহত্যা পছন্দ করে না। খালেদা জিয়ার পেট্রোল বোমা যেভাবে বন্ধ হয়েছে একইভাবে গুপ্তহত্যাও বন্ধ করা হবে।’
এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খারেদা জিয়ার বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, ‘আপনি (খালেদা) বলেছেন, আওয়ামী লীগ নাকি গুপ্তহত্যা করছে। আমি বলব, আপনারা গুপ্তহত্যা শুরু করেছেন। আর নিজেদের দোষ আড়াল করার জন্য এখন আপনার দলের নেতাদের মাধ্যমে বলতে শুরু করেছেন – আন্তর্জাতিক চক্রান্তের জন্য দেশে গুপ্তহত্যা হচ্ছে।’
জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার বলেন, ‘আগুন সন্ত্রাসের পর এবার খালেদার মদদে সারা দেশে গুপ্তহত্যা চালানো হচ্ছে। এদের বিরুদ্ধে সারা দেশে প্রতিরোধ গড়ে তোলা হবে।’
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, জেপির (মঞ্জু) শেখ শহিদুল ইসলাম ও গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।

