নিজস্ব প্রতিবেদক : সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি অবিলম্বে এ ধরনের হত্যা বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
রোববার (১৯ জুন) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের কাছে এ দাবি জানান।
শনিবার (১৮ জুন) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ আয়োজিত ইফতার মাহফিলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কটূক্তিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরোধিতা বরাবরই করে এসেছি, এখনও করছি। আমরা এই ধরনের হত্যার বিচার বিভাগীয় তদন্ত চাই। অবিলম্বে এ ধরনের বিচারবহির্ভূত হত্যা বন্ধের দাবি জানাচ্ছি।’
শনিবার (১৮ জুন) ভোরে মাদারীপুর জেলার সরকারি নাজিমউদ্দিন কলেজের শিক্ষক রিপন চক্রবর্তী হত্যাচেষ্টায় জড়িত গোলাম ফাইজুল্লাহ ফাহিম পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়।
গত ১৫ জুন ওই শিক্ষককে কুপিয়ে হত্যার চেষ্টা করে ফাহিমসহ কয়েক যুবক। এ সময় ওই শিক্ষকের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে হামলাকারীরা দৌড়ে পালানোর সময় জনতার হাতে ধরা পড়ে গোলাম ফাইজুল্লাহ ফাহিম। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে জনতা।
পুলিশ ফাহিমকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার মাদারীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের রিমান্ড চায়। শুনানি শেষে বিচারক মো. সাইদুর রহমান জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেয়ার কয়েক ঘণ্টা পর শনিবার ভোরে ‘বন্দুকযুদ্ধে’ ফাইজুল্লাহ ফাহিম নিহত হন। ওইদিন সকালের দিকে ফাহিমের মৃতদেহ মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে পুলিশ। উপস্থিত পুলিশ কর্মকর্তারা সংবাদকর্মীদের জানান, ভোরে ‘বন্দুকযুদ্ধে’ ফাহিমের মৃত্যু হয়েছে।
মির্জা ফখরুল বলেন, ‘এ ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। এটি একেবারে আইন-বহির্ভূত ব্যাপার। রিমান্ডে থাকা কাউকে এভাবে হত্যার ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না।’
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়; ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বেগম সেলিমা রহমান; যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হারুন-অর রশিদ; সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, কৃষিবিদ শামীমুর রহমান প্রমুখ।

