নিজস্ব প্রতিবেদক : নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী চিকিৎসা নিতে পারবেন।
বৃহস্পতিবার (১৬ জুন) সরকারের আবেদনের নিষ্পত্তি করে এ আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এর আগে হাইকোর্ট মান্নার স্বাস্থ্যের অবনতির কথা বিবেচনা করে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসা দিতে সরকারের প্রতি নির্দেশনা দিয়েছিলেন। হাইকোর্টের সে আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
ওই আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
আদালতে মান্নার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
রাষ্ট্রদ্রোহিতার মামলায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না দীর্ঘদিন ধরেই কারাগারে আটক আছেন।

