সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি দেশীয় তৈরি শার্টার গান ও ৫ রাউন্ড গুলিসহ ২ ডাকাতকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার গভীর রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল ওভার ব্রিজের উত্তর পাশে বালুকোল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কামারখন্দ উপজেলার মধ্যভদ্রঘাট গ্রামের মৃত বাছের আলী শেখের ছেলে ইমরান হোসেন ওরফে মহানবী (৩৬), একই এলাকার কারিগরপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে সাইদুল ইসলাম (২৮)।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল ওভার ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ৭ থেকে ৮ জন সংঘবদ্ধ ডাকাতদল। এ সময় মহাসড়কে টহলরত ডিবি পুলিশ অভিযান চালিয়ে ওই দুই ডাকাতকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ডাকাত সাইদুল ইসলামের বিরুদ্ধে ৩টি ও ইমরান হোসেনের বিরুদ্ধে ৪টি ডাকাতি এবং ছিনতাইয়ের মামলা রয়েছে।

