কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামুর ঈদঁগড়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে খুন হয়েছেন ডা. মহিউদ্দিন (৫০) নামে এক হোমিও চিকিৎসক।
বুধবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত মহিউদ্দিন ঈদঁগড় ইউনিয়নের শরিফ পাড়ার ফয়েজ আহমদ মিয়াজীর ছেলে। এ ঘটনায় পুলিশ এক নারীকে আটক করেছে। আটক দিলোয়ারা বেগম (৪০) দক্ষিণ শরিফ পাড়ার আসাদুজ্জানের স্ত্রী।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, মহিউদ্দিনের সঙ্গে ৬ মাস আগে থেকে দক্ষিণ শরিফ পাড়ার নিহত শিক্ষক নুরুচ্ছফা ও তার ভাইদের ৯ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত কয়েকদিন আগে ওই জমিতে মহিউদ্দিন একটি ঘর নির্মাণের কাজ শুরু করেন। বুধবার রাতে মহিউদ্দিনকে নির্মাণাধীন বাড়িতে একা পেয়ে প্রতিপক্ষরা তার ওপর হামলা ও গুলি চালায়। এসময় তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ মহিউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান তিনি।
ওসি প্রভাষ চন্দ্র ধর আরো জানান, এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

