নিজস্ব প্রতিবেদক : জাসদ নেতা ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য নিজস্ব বিষয় বলে উল্লেখ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক পরিদর্শন করতে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাস ভুলে যাননি। ইতিহাসের ওপর দাঁড়িয়েই আমরা বাস্তবতার নিরিখে রাজনীতি করে যাচ্ছি। সময়ের প্রয়োজনে বাস্তবতার নিরিখে একটা রাজনৈতিক ঐক্য করা হয়েছে। এটা নিয়ে কে কি বললো অথবা সৈয়দ আশরাফুল ইসলাম কি বলেছেন এগুলো সম্পূর্ণই তাদের নিজস্ব মন্তব্য।
আসন্ন ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ লাঘবে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এবার যানজট এড়াতে পুলিশের পাশাপাশি সারা দেশে ১০ হাজার রোভার স্কাউটের সদস্য মোতায়েন করা হবে। এছাড়া শিশু, বৃদ্ধ এবং নারীদের কথা চিন্তা করে এবার ভ্রাম্যমাণ টয়লেটেরও ব্যবস্থা করা হবে।
এ সময় স্থানীয় সাংসদ ডা. এনামুর রহমান, সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

