বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম মেধাবী এক নির্মাতার নাম রাকেশ ওম প্রকাশ মেহরা। তিন বছর আগে ২০১৩ সালে নির্মাণ করেছিলেন বলিউডের তুমুল জনপ্রিয় সিনেমা ‘ভাগ মিলখা ভাগ’। তবে এবার আর খেলা কিংবা আত্মজীবনী নয়, বরং একেবারে তুমুল প্রেম নিয়ে হাজির প্রখ্যাত এই নির্মাতা।
নতুন ছবি ‘মির্জা’র পটভূমি ও মুক্তির ঘোষণা আগেই দিয়েছিলেন ওম প্রকাশ। গত দুই বছর ধরে এই ছবির চিত্রানাট্য নিয়ে কাজ করেছেন বিস্তর। পুরোদমে চলছে ছবিটি নির্মাণের কাজ। আর এরইমধ্যে ৮ জুন ইউটিউবে রিলিজ দিয়েছেন ছবিটির টিজার। যেখানে তুমুল প্রেমের সন্ধানই মিলে।
এর আগে রঙ দে বাসন্তি, দিল্লি ৬, ভাগ মিলখা ভাগ এর মতো অসাধারণ সিনেমা নির্মাণ করেছেন ওম প্রকাশ। কিন্তু প্রেমের কাহিনী নিয়ে প্রথমবার বলিউড মাতাতে আসছেন তিনি। এর আগে ড্রামাটিক ও ঐতিহাসিক কাহিনীকে পুঁজি করে সিনেমা বানালেও এই প্রথম তিনি প্রেমের গল্প নিয়ে সিনেমা নির্মাণ করছেন।
রাকেশ মেহরার ছবি, অথচ চমক থাকবে না তা কি হয়! ‘ভাগ মিলখা ভাগ’-এর পর সোজা চলে গেলেন প্রেমের ছবিতে, এটা কোনো চমক নয়,বরং নাম ঘোষণার পর থেকেই আলোচনা সৃষ্টি করা ‘মির্জা’ নামের ছবিতে সবচেয়ে বড় চমক অন্য জায়গায়! চমকটা তাহলে কি? বিগ বাজেটের ছবিতেও কোনো পরিচিত তারকা নেননি, বরং অখ্যাত দুই তরুণ-তরুণীকে কাস্ট করেছেন তিনি। ‘হর্ষবর্ধন কাপুর’ এবং ‘সাইমা খের’ নামের অপরিচিত দুই তরুণ-তরুণিকে নিয়ে নির্মাণ হল ছবি ‘মির্জা’। তারচেয়ে বড় চমক হল, ছবিতে হর্ষবর্ধন কাপুরই মূলত অনিল কাপুরের ছেলে ও সোনম কাপুরের ভাই!
ভারতের লোক কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত এই সিনেমাটি মির্জা ও সাহিবান নামের দুই প্রেমিক-প্রেমিকার গল্প। যেখানে তারা একে অপরকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। কিন্তু এক সময় মির্জার সঙ্গে প্রতারণা করেন সাহিবান। এবং আত্মহত্যা করেন। এমন বিয়োগান্তক প্রেমের কাহিনীই ফুটে উঠবে ‘মির্জা’র চিত্রনাট্যে। আর এই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আসছে অক্টোরের ৭ তারিখে।
উল্লেখ্য, ভারতে ভিন্নধর্মী ছবি নির্মাণেই নির্মাতা রাকেশ ওমপ্রকাশ মেহরার পরিচিতি। ‘বাগ মিলখা বাগ’ ছাড়াও তিনি দিল্লী ৬, আস্ক, রঙ দে বাসন্তির মতো অসাধারণ ছবি নির্মাণ করেছেন। তার আসন্ন সিনেমা ‘মির্জা’-এর বেশিরভাগ শুটিং হয়েছে রাজস্থান ও লাদাখে।

