গবি প্রতিনিধি : ‘মানুষ ব্যক্তিস্বার্থ নিয়ে ভেবে সমাজের কল্যাণে এক পা এগোতেও দ্বিধা করে। কেন না, শিক্ষিত হয়েও প্রকৃত জ্ঞানের দখলদারিত্ব করার মানসিকতা মানুষের এখনও হয়নি। তাই স্বাধীনতার এত বছর পরেও এতটা অরাজকতা ও বিশৃঙ্খলাপূর্ণ পরিস্থিতি দেখতে হচ্ছে আমাদের।’
দেশের বর্তমান দুরবস্থার কারণ হিসেবে এমনটাই ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির বর্তমান সভাপতি লাকী আক্তার।
তিনি আরও বলেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রকৃত জ্ঞানের ছোঁয়া থেকে এখনও বঞ্চিত। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার ধারার পরিবর্তন করা জরুরি।’
সোমবার (১৩ জুন) সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাতে গবিসাস কার্যালয়ে তিনি ওই কথাগুলো বলেন।
এ ছাড়া নারীদের আত্মরক্ষা ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলার লক্ষ্যে ‘প্রীতিলতা ব্রিগেড’ কর্মসূচির জন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম কমিটি গণ বিশ্ববিদ্যালয়ে সূচনা করেন।
এ সময় গণ বিশ্ববিদ্যালয়ে ১৭ সদস্যবিশিষ্ট আহ্ববায়ক কমিটি ঘোষণা করেন লাকী আক্তার। এ কমিটি আগামী রবিবার (১৯ জুন) থেকে তাদের কার্যক্রম শুরু করবে।
প্রীতিলতা ব্রিগেড নারীদের আত্মরক্ষার উদ্দেশ্যে কারাতে প্রশিক্ষণ ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।
শিক্ষা কার্যক্রমে বিভিন্ন মহিয়সী নারীদের আত্মজীবনী বিশ্লেষণ ছাড়াও বিভিন্ন সহায়ক গ্রন্থ পড়ানো হবে বলে জানান তিনি।
এ সময় লাকী আক্তার ও ছাত্র ইউনিয়নের কেদ্রীয় কমিটির দুজন নারী সদস্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক ও গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)-র সাথে পৃথক পৃথক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

