নিজস্ব প্রতিবেদক : ফেসবুকের পর গুগল ও মাইক্রোসফটের কর্তৃপক্ষের সঙ্গে এ নিয়ে একটি সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বেগম তারানা হালিম। বিদ্যমান সমঝোতা অনুয়ায়ী যুক্তিগ্রাহ্য অনাকাঙ্ক্ষিত কোনো বিষয়ে এসব প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগা করা হলে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিকার পাওয়া যাবে।
রোববার (১২ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে সংসদে এ কথা বলেন তিনি।
এ বিষয়ে চূড়ান্ত চুক্তি প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ব্যবহারকারীদের অভিযোগের ভিত্তিতে আপত্তিকর কনটেন্ট ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের (আইআইজি) মাধ্যমে বন্ধ করা হয়। এছাড়া তথ্য প্রযুক্তির মাধ্যমে সংঘটিত অপরাধ কমিয়ে আনার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি নিশ্চিত করার ব্যবস্থাকে অধিকতর শক্তিশালী করার উদ্দেশ্যে ইন্টারনেট সেফটি সলিউশন (আইএসএস) নামক সিস্টেম ক্রয় প্রক্রিয়া চলমান রয়েছে।’
টেলিয়োগায়োগ প্রতিমন্ত্রী জানান, ‘তথ্য বিকৃতির অনাকাঙ্ক্ষিত ঘটনা দেথভালে রয়েছে বাংলাদেশ কম্পিউটার সিকিউরিটি ইন্টারনেট রেসপন্স টিম। বিটিআরসি তত্ত্বাবধায়নে এ টিম ইন্টারনেটভিত্তিক অপরাধ দমনে সহায়তা দিয়ে আসছে।’
বিদ্যমান আইসিটি অ্যাক্টে ইন্টারনেটে তথ্য বিকৃতিতে শাস্তির বিধান রয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বেগম তারানা হালিম।
এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অনাকাঙ্ক্ষিত বিষয়ে নজরদারি বাড়াতে ইন্টারনেট সেফটি সলিউশন (আইএসএস) সিস্টেম সংযুক্ত করার প্রক্রিয়া নেয়া হয়েছে। এটি সংযুক্ত হলে অনাকাঙ্ক্ষিত বিকৃতি কমে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।

